ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় এবং এশিয়ার মাঠে প্রথম দিনরাত্রির টেস্ট ম্যাচ খেলার ইতিহাস গড়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। দুবাইয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ব্যাটিং উৎসবে শক্ত অবস্থানে পাকিস্তান।
নিজেদের ক্রিকেট ইতিহাসের ৪৫০তম টেস্টে আজহার আলি’র একাদশ সেঞ্চুরি এবং তার সঙ্গে সামি আসলামের ২১৫ রানের ওপেনিং পার্টনারশীপে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৭৯ রান।
নৈশালোকে এবং গোলাপি বলে খেলা এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। 
বাঁহাতি ওপেনার সামি আসলাম প্রথমে হাফসেঞ্চুরি পেলেও, দু’জনের মধ্যে প্রথম সেঞ্চুরির ম্যাজিক ফিগারে পৌঁছান আজহার আলি।
সামি মাত্র ১০ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। দিনশেষে আজহার ১৪৬ এবং আসাদ শফিক ৩৩ রানে অপরাজিত আছেন। 








