সাতজন ব্যাট করেছেন। তার মধ্যে দুইজনের স্বেচ্ছা অবসর। তিনজনের বড় ইনিংস খেলার অনুশীলন। আর তিনজনের সেই আগের অভ্যাস। সেট হয়ে ফিরে যাওয়া। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন এভাবে কেটেছে বাংলাদেশের। রান উঠেছে সাত উইকেট হারিয়ে ৩৯১।
তামিম গোটা দিন দারুণ ব্যাট করেছেন। ৯ চার আর সাত ছয়ে ১৩৬ রান করে বিশ্রামে যান। বড় ইনিংস খেলার প্রস্তুতিটা সেরেছেন মুমিনুল হকও। ১০৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে উঠে যান। আসল লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা লিটন দাস ৫৭ রান করে অপরাজিত আছেন। তামিমের মতো লিটনও চালিয়ে ব্যাট করেছেন। ৪০ রানই নিয়েছেন বাউন্ডারি হাঁকিয়ে।
অধিনায়ক মুশফিকুর রহিমকে বেশ নড়বড়ে মনে হয়েছে। ৩৭টি বল খেলে ২১ রানের মাথায় এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। সাকিবও এলবি হয়ে ফিরেছেন। যাওয়ার আগে করতে পারেন ৩০।
রিয়াদের প্রস্তুতিটা মুশফিক-সাকিবের তুলনায় ভালোই হয়েছে। ৭৩ বল খেলে ৪৩ রান করে করুনারত্নের বলে কাটা পড়েন। প্রতিটি শটে ছন্দে ফেরার আভাস ছিল।
অপ্রাপ্তির খাতায় কিছু লিখতে গেলে মেহেদী হাসান মিরাজের কথা বলতে হবে। ভারত সফরে একটি অর্ধশতক পেলেও এদিন তিনি ব্যর্থ। ছয়টি বল খেলে করুনারত্নের বলে উইকেটের পেছনে ধরা পড়েন। করতে পারেন মাত্র ১।
সবকিছু ছাপিয়ে তামিমের ব্যাটিং আশা দেখাচ্ছে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কার কন্ডিশনে একটু মনোযোগ রাখলে ভালো করা সম্ভব, সেই বার্তা ছিল দেশসেরা ওপেনারের শরীরে।







