ব্যাঙ্গালুরুতে নানা নাটকীয়তায় শেষ হল আইপিএল মেগা নিলামের প্রথম দিন। ১ কোটি ভিত্তি মূল্যের হাসারাঙ্গা বিক্রি হল ১০ কোটি ৭৫ লাখ রুপিতে, ইশান কিষান পেলেন আকাশছোঁয়া মূল্য। অনেককে অবাক করে রায়না, সাকিব, ওয়েডের মতো ইনফর্ম ক্রিকেটাররা থাকলেন অবিক্রিত।
আসন্ন আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজির জন্য ৬০০ ক্রিকেটার নিলামে উঠেছে। যাদের মধ্যে রয়েছে ৩৭৭ জন ভারতীয় এবং ২২৩ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখা খেলোয়াড় বাদে আজ বিক্রি হয়েছে আরও অনেকে। তাদের মাঝে বেশ কজন বিদেশি ক্রিকেটারকে দলে টানতে মোটা অঙ্ক খসাতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
ভিত্তিমূল্যর বিচারে আকাশছোঁয়া মূল্যে দল পেয়েছেন যে পাঁচ বিদেশি
ওয়ানিন্দু হাসারাঙ্গা: শ্রীলঙ্কান অলরাউন্ডারকে দলে টানতে যতটা কাড়াকাড়ি লেগেছিল তার থেকে বেশি লেগেছিল সময়। সঞ্চালক হিউ এডমিস হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থগিত হয় নিলাম। মধ্যাহ্নভোজের পর নতুন সঞ্চালকের সঞ্চালনায় নিলাম শুরু হলে হাসারাঙ্গাকে কিনে নেন রয়েল আরসিবি। কোহলির দলে তাকে পেতে খরচ করেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। তার ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। আইপিএল ইতিহাসে শ্রীলঙ্কার সব থেকে দামি ক্রিকেটার হয়েছেন এই লঙ্কান স্পিন অলরাউন্ডার।
নিকোলাস পুরান: বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে বেড়ানো এই ক্যারিবিয়ানকে নিয়ে কেকেআর ও হায়দ্রবাদের মধ্যে কার্যত কাড়াকাড়ি লেগেছিল। শাহরুখ খানের দলকে শেষ মুহূর্তে ব্যর্থ করে হার্ডহিটার ব্যাটারকে দলে টানে হায়দ্রবাদ। ফ্র্যাঞ্চাইজি পুরানের জন্য খরচ করবে ১০ কোটি ৭৫ লাখ রুপি।
লকি ফার্গুসন: দুই কোটি টাকার ভিত্তিমূল্যে থাকা এই কিউইকে নিয়ে লড়াই চালায় গুজরাট এবং দিল্লি। দলে টানতে দড়ি টানাটানিতে যোগ দেয় আরসিবি এবং লক্ষ্ণৌ। শেষে ১০ কোটি রুপিতে দফারফা করে গুজরাট টাইটানস। কেকেআর ছেড়ে দেওয়া লকির উপর কোনো আগ্রহই দেখাননি।
কাগিসো রাবাদা: আইকনিক প্লেয়ার হিসেবে সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে নিয়ে লড়ে তিনটি ফ্র্যাঞ্চাইজি। দিল্লি, গুজরাটের সঙ্গে লড়াইয়ে নামে পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ৯ কোটি ২৫ লাখ রুপিতে প্রোটিয়া পেসারকে কিনে নেয় পাঞ্জাব। তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি।
জেসন হোল্ডার: দেড় কোটি রুপি ভিত্তি মূল্যের সাবেক ক্যারিবিয়ান অধিনায়ককে পাওয়ার জন্য লড়ে চারটি ফ্র্যাঞ্চাইজি। লড়াইয়ে অনেকখানি এগিয়েছিল মুম্বাই, রাজস্থান এবং চেন্নাই। সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত ৮ কোটি ৭৫ লাখ রুপিতে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দলে টানে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ।
এছাড়া বিদেশিদের ভিতরে দল পেয়েছেন প্যাট কামিন্স (কেকেআর— ৭ কোটি ২৫ লাখ), কুইন্টন ডি কক (লক্ষ্ণৌ— ৬ কোটি ২৫ লাখ), ডেভিড ওয়ার্নার (দিল্লি— ৬ কোটি ৭৫ লাখ), ট্রেন্ট বোল্ট (রাজস্থান— ৮ কোটি) ও ফাফ ডু প্লেসি (আরসিবি— ৭ কোটি), মোস্তাফিজ (দিল্লি— ২ কোটি) সহ আরও অনেকে।
বোরবার ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দিন বসবে আইপিএল নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজি তালিকায় থাকা বাকি খেলোয়াড়ের মাঝ থেকে সাজাবে নিজেদের দল। অবিক্রিত থাকা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কালও উঠবেন নিলামে।
সাকিব ছাড়া আরও তিন টাইগার ক্রিকেটার আছে মেগা নিলামের চূড়ান্ত তালিকায়। লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামদের প্রত্যেকের ভিত্তিমূল্যে ৫০ লাখ রুপি।








