মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে টানা পাঁচ জয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে টেবিলের শীর্ষ ১০ পয়েন্ট তুলেছে তাসমান পাড়ের দলটি।
৫০ ওভারের বৈশ্বিক আসরে ইংল্যান্ড, পাকিস্তান, স্বাগতিক নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে হারানোর পর আজ তাদের শিকার হয়েছে ভারত। অকল্যান্ডে দিবারাত্রির ম্যাচটি শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে ভারত। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেগ লানিংয়ের দল।
আসরে নিজেদের পঞ্চম ম্যাচে জবাবে নেমে দারুণ শুরু করে অজি মেয়েরা। র্যাচেল হায়েনসকে নিয়ে অ্যালিসা হিলি উদ্বোধনী জুটিতে তোলে ১২১ রান। হিলি ৬৫ বলে ৭২ রান ফিরলে বেশি সময় থাকতে পারেননি র্যাচেলও। ভেস্ট্রাকারের শিকার হওয়ার আগে অজি ওপেনারের ব্যাট থেকে আসে ৪৩ রান।
পরে তিনে নামা অধিনায়ক লানিং ও এলিসা পেরি জুটি বড় স্কোরও সহজ করে দেয়। লানিং শতক থেকে তিন রান দূরে থামে মেঘনা সিংয়ের বলে। এরআগে ১০৭ বলে খেলেন ৯৭ রানের চোখজুড়ানো ইনিংস। অপরপাশে এলিসা পেরি সংগ্রহ করেন ২৮ রান।
শেষের দিকে বেথ মুনি ও তাহিলা ম্যাকগ্রেথ আর বিপদ বাড়াননি। বড় স্কোরকে সহজ লক্ষ্য বানানোয় ২০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মুনি। তাহিলা ২ বল খেললেও কোনো রান করেননি।
ভারতের বাজে দিনে পূজা ভাস্ট্রাকার ১০ ওভারে ৪৩ রানে ফিরিয়েছেন দুই অজিকে। একটি করে উইকেট নিয়েছেন মেঘনা সিং ও স্নেহ রানা।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরু পায়নি ভারত। দলীয় ১১ রানে ওপেনার স্মৃতি মান্ধানা ফেরেন ১০ রান করে। দলীয় ২৮ রানে ফেরেন সেফালি ভারমা। দুই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে সেখানে পথ দেখান ইয়াস্টিকা ভাটিয়া ও মিতালি রাজ। দুজনের জুটিতে আসে ১৩০ রান।
ফিফটি পূর্ণ করে ৫৯ রানে ফিরেন ভাটিয়া। ব্রাউনের বলে ফেরার আগে ৮৩ বলের ইনিংস সাজান ৬টি চারে। পরে মিতালি রাজও থাকতে পারেননি বেশি সময়। ভারত অধিনায়কের ব্যাট থেকে আসে ৬৮ রান।
পরে ভারতের লোয়ার অর্ডারে জোর ধাক্কা দেন অ্যালানা কিং ও জেস জোনাসসেন। রিতা ঘোষ, স্নেহা রানা ব্যর্থ হয়। শেষ দিকে ৪৭ বলে হারমানপ্রিত কউরের ৫৭ রান ও পূজার ২৮ বলে ৩৪ রানে ২৭৭ রানের পূজি পায় ভারত মেয়েরা। যা তিন বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের আট দলের মাঝে তারাই প্রথম সেমিফাইনাল নিশ্চিত করল। টেবিলে ৪ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সাউথ আফ্রিকা। বাংলাদেশ ৪ ম্যাচে এক জয়ে আছে সাত নম্বরে।







