‘আপনারা সরকারের সমালোচনা করুন। কিন্তু খলনায়ক হবেন না। আমরা পোষা সাংবাদিক চাই না। সরকারের দালাল চাই না।’
বাংলাদেশের প্রথম গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, সাইবার অপরাধ আইন ও জাতীয় সম্প্রচার আইন জানুয়ারি থেকে মার্চের মধ্যেই প্রণয়ন করা হবে।
এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী বক্তব্যে তিনি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা রক্ষার কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, একটি রাষ্ট্রে গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান যুগে কে কার আগে সংবাদ দেবে, সেই প্রতিযোগিতা চলে। সংবাদ আগে দেওয়ার চেষ্টা করা ভালো, কিন্তু সেই প্রতিযোগিতা করতে গিয়ে কোনোভাবেই ভুল করা যাবে না। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বস্তুনিষ্ঠতার স্বার্থে একটু পরে হলেও সঠিক সংবাদ প্রকাশ করা যেতে পারে।

সম্মেলনে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন, সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত আলী খান, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের ১৫টি সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থীরা অংশগ্রহণ করছেন। সাংবাদিকতা, গণমাধ্যম ও গণযোগাযোগ ছাড়াও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে পাঠদান করে এমন প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রবন্ধ আহ্বানের মাধ্যমে সম্মেলনের প্রস্তুতি শুরু হয়।
শুধু সাংবাদিকতা-সংশ্লিষ্ট একাডেমিক গবেষক বা শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এ ক্ষেত্রে গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী অথবা অন্য একাডেমিক ক্ষেত্র থেকেও গণমাধ্যম বিষয়ে গবেষণায় আগ্রহী লেখকদের জন্য প্রবন্ধ জমা দেওয়ার সুযোগ উন্মুক্ত ছিলো। প্রথম সম্মেলনেই ৫০টিরও বেশি প্রবন্ধ আয়োজকদের কাছে জমা পড়ে।
দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো বর্তমান বাংলাদেশের গণযোগাযোগ ও সাংবাদিকতার চর্চায় বিভিন্নমুখী গবেষণার প্রবণতা ও ধারাগুলোর একটি সমন্বিত রূপ তুলে ধরা।







