ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন চার মৌসুম ধরে। বড় দলে খেলার সুযোগ এসেছে কমই। যে কারণে শিরোপার স্বাদও পাননি মেহেদী হাসান মিরাজ। এবার শক্তিশালী আবাহনীতে নাম লিখিয়ে স্বপ্নপূরণের পথে এ তরুণ অলরাউন্ডার।
শিরোপা জয়ের পথে এক পা দিয়ে রেখেছে তারকাসমৃদ্ধ দল আবাহনী। বৃহস্পতিবার বিকেএসপিতে লিগের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারাতে পারলেই এক মৌসুম বিরতির পর শিরোপা ধরা দেবে আকাশী-নীলদের। দলের অফস্পিনিং অলরাউন্ডার মিরাজ মনে করেন, খেলোয়াড়রা নিজেদের শতভাগ দিলে শেষ ম্যাচ জিতেই চ্যাম্পিয়নশিপ উদযাপন করবেন।
‘কালকের ম্যাচটা আমাদের জন্য বড় একটি সুযোগ। যদি জিততে পারি, চ্যাম্পিয়ন হবো। ঢাকা লিগে কখনও চ্যাম্পিয়ন হইনি। লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। আমি আশাবাদী। সবাই শতভাগ দেয়ার চেষ্টা করবে, চাইবে ভাল খেলার জন্য। তাছাড়া আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তারা সেরাটা দিলে ভাল কিছু হবে।’
এক মৌসুম বিরতি দিয়ে ঢাকা লিগের শিরোপা জয়ের খুব কাছে মাশরাফী-নাসিরদের আবাহনী লিমিটেড। তবে ২ পয়েন্ট পিছিয়ে থাকলেও সুযোগ আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও।
বিকেএসপিতে আবাহনী হারলে আর মিরপুরে অন্য ম্যাচে শেখ জামাল যদি খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে হারায়, তাতে শিরোপা হাতছাড়া হবে আবাহনীর। এমন সমীকরণের সামনে শেষদিনেই নিশ্চিত হতে যাচ্ছে দুই মাস ধরে চলা ঢাকা লিগের শিরোপা। সেটি আরও রোমাঞ্চিত করে তুলছে মিরাজকে।
‘এখানে (আবাহনী) জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। সবাই শতভাগ দিচ্ছে। আরও যেসব দল আছে, তারাও অনেক ভাল ক্রিকেট খেলছে। তারপরও আমার কাছে মনে হয় এটা অনেক আনন্দ, শেষ ম্যাচটা জিততে পারলে আমরা চ্যাম্পিয়ন হবো। আগে থেকে যদি জানা যেত কে চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাতে হয়ত ওইরকম সিরিয়াস ম্যাচ হতো না, এখন যতটা হবে। কাল তাই জয় পাওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’







