প্রথমবারের মত রক সংগীতের ওপর আলাদা করে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের নাম ‘বাংলাদেশের রক সংগীত সংকট ও সম্ভাবনা’। আয়োজন করছে ঢাকা বিশ্ববিবদালয়ে ব্যান্ড সোসাইটি। অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায়, ঢাকার বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বাংলা একাডেমি সংলগ্ন কারাস ভবনে। এতে রক ব্যান্ডে ব্যক্তিত্বরা আলোচনা করবেন। আলোচনায় মুল প্রবন্ধ পাঠ করবেন লাবু রহমান (ফিডব্যাক)।
জানা গেছে, এই আলোচনায় অংশগ্রহণ করবেন আর্কের হাসান, টিংকু, ফোয়াদ নাসের বাবু, তন্ময় তানসেন (ভাইকিংস), ওয়ারফেজ থেকে টিপু, শামস, পলাশ নুর, লিংকন (আর্টসেল)। উপস্থিত থাকবেন পাওয়ারসার্জের জামশেদ, নাহিয়ান, পারভেজ, আর্বোভাইরাসের সুহার্ত, সহজিয়া ব্যান্ডের রাজু, নির্ঝরের জয় শাহরিয়ার, পরাহ ব্যান্ডের এ কে রাহুল, সিভিয়ার ডিমেনিশিয়া থেকে রিয়াসাত, ওয়ারসাইট থেকে রায়হান, তরুণ মুন্সী, রকযাত্রা ব্যান্ডের লেখক মিলু আমানসহ আরও অনেকে।
লাবু রহমান বলেন, ‘রক সংগীত নিয়ে আমার জানা মতে এটা প্রথম কোনো আলোচনা অনুষ্ঠান। এই মুক্ত আলোচনায় রক সংগীতের ইতিহাস, সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। সংগীত জীবনের দীর্ঘ ৪০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে আলোচনা করব সেখানে। খুব ব্যাতিক্রমী এই আয়োজনে অংশ নিচ্ছি ভেবে খুব ভালো লাগছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারাবী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ব্যান্ডের সঙ্গে যুক্ত তাদের জন্য এই আলোচনা অনুষ্ঠান প্রেরণা হিসেবে কাজ করবে সামনে। এই আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’







