সব ধরনের অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহী তাঁতপণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন এসএমই উদ্যোক্তারা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে খাজানা গার্ডেনিয়া গ্রান্ড হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।
দেশে প্রথমবারের মতো ‘হ্যারিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল-২০১৮’ আয়োজন উপলক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ (এএফডিবি) যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাংলার গৌরবময় ঐতিহ্যের অংশ তাঁতপণ্যকে আধুনিক পোশাকপণ্যের সঙ্গে প্রতিযোগিতায় নিয়ে আসতে ঢাকায় বসছে তিন দিনব্যাপী হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল।
তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নকশি কাঁথা ও তাঁতপণ্য অনেক আগেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এখন এসব পণ্যের প্রদর্শনীর আয়োজন করে কেবল প্রচারণা নয় বরং তাঁতপণ্যকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এই মেলা রক্ষাকবচের ভূমিকা পালন করবে।
এএফডিবির সভাপতি মানতাশা বলেন, বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির কারণে তাতীরা চাননা তাদের পরিবার থেকে কেউ আর এই কাজে যুক্ত থাকুক। আধুনিক মেশিনে তৈরি পণ্যের কারণে কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি দেশীয় পণ্যগুলো বাজারে প্রতিযোগিতায় টিকছে না। তাই এসব পণ্যের দেশি-বিদেশি বাজার সৃষ্টিতে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ জরুরি।
তিনি সব ধরনের অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহী তাঁতপণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তারা ঢাকায় তাঁতপণ্যের জন্য সরকারি ব্যবস্থাপনায় আলাদা শো রুম খোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর গুলশানে অবস্থিত খাজানা গার্ডেনিয়া গ্রান্ড হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর উদ্বোধন করবেন।
প্রদর্শনীতে অংশ নেবে জামদানি, নকশিকাঁথা, মিরপুর বেনারসি, টাঙ্গাইল তাঁত, সিরাজগঞ্জ তাঁত, মনিপুর তাঁত ও রাঙামাটি তাঁত।
পণ্য প্রদর্শনীর পাশাপাশি সেখানে তাৎক্ষণিকভাবে নকশা করে পণ্য বুনন করে দেখাবেন তাঁতকর্মীরা। প্রদর্শনীর পাশাপাশি পছন্দের পণ্যও কিনতে পারবেন দর্শনার্থীরা।
৪ অক্টোবর উদ্বোধনী দিনে বিকেল ৪টায় শুরু হবে পণ্য প্রদর্শনী। পরের দুইদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে ডিজাইনার চন্দ্র শেখর সাহা, নওশীন খায়ের, বিপ্লব সাহা, শামীমা আকতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।










