প্রথমবারের মতো মহান বিজয় উৎসব উৎযাপন করেছেন বিলুপ্ত ছিটমহল এলাকার মানুষেরা। গ্রামীণফোনের আয়োজনে পঞ্চগড়ের গাড়াতি ছিটমহলে রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে শতকন্ঠে জাতীয় সঙ্গীতে অংশ নিয়েছেন ৪২ বছর পর স্বাধীন হওয়া ছিটমহলবাসীরা।
প্রথমবারের মতো নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া এসব ছিটমলবাসীদের শুভেচ্ছা জানাতে ঢাকা থেকে পঞ্চগর ছুটে গিয়েছিলেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ইমপ্রেম টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং উপমহাদেশের রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাও তার সহ শিল্পীরা।
চ্যানেল আইয়ের পর্দায় হাজারো দর্শক ও ছিটমহলবাসীদের নিয়ে ৪৪ বছরের প্রথম বিজয় উল্লাস শতকণ্ঠে জাতীয় সঙ্গীত উৎযাপন করা হয়।
বিজয়ের প্রথম উল্লাসে রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সহশিল্পীরা জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘ধন ধান্যে পুষ্প ভরা’, ‘ও আমার দেশের মাটি’, ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানগুলো ছিটমহলবাসীদের গেয়ে শোনান।
অনুষ্ঠানটি সরাসরি পঞ্চগড় থেকে সম্প্রচার করেছে চ্যানেল আই। সংস্কৃতি মন্ত্রণালয় এবং চ্যানেল আই আয়োজনে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া।







