অাজ বলিউডের খান সাম্রাজ্যের অন্যতম খান আমির খানের জন্মদিন। চরিত্রে মানানসই এ অভিনেতা তার অভিনয় দক্ষতার জন্য বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ উপাধি অর্জন করে নিয়েছেন অনেক অাগেই।
তবে ব্যক্তিগত আমির সম্পর্কে অনেকের হয়তো অজানা রয়েছে অনেক কিছু। আর সেই অজানার অনেক কথা তার জন্মদিনে গণমাধ্যমকে জানালেন তার ছোট ভাই ফয়সাল খান।
আমির খানের চেয়ে এক বছরের ছোট ভাই ফয়সাল খান। বয়সে তেমন কোনো ব্যাবধান না থাকায় একসঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাবে বেড়ে উঠেছেন। শৈশব, কৈশর কাটিয়েছেন একসঙ্গে। তাই আমিরের সব গোপন জানেন ফয়সাল। আর সেকারণে বড় ভাইয়ের জন্মদিনে গোপন কথা ফাঁস করে দিলেন ফয়সাল।
জন্মদিনে আমির খানের সিক্রেট বিষয়ে ফয়সাল বলেন, প্রতি বছরেই আমিরের জন্মদিনে আমাদের পরিবারের সবাই একসঙ্গে হই। একসঙ্গে তার জন্মদিনের কেক কাটি। রাতের খাবারও একসঙ্গে খাই। জন্মদিনের সেরা গিফট দিয়ে তাকে সবাই সারপ্রাইজ দেয়ার চেষ্টা করি।
ফয়সাল বলেন, প্রতি বছরেই জন্মদিনে আমির সিদ্ধান্ত নেন যে, তিনি আর সিগারেট ধরাবেন না কিন্তু এরপর যখনই তার সিনেমা রিলিজ দ্বারপ্রান্তে চলে আসে, ঠিক তখনই একজন চেইনস্মোকার হয়ে ওঠেন। এমন সিদ্ধান্ত তিনি প্রতি বছরেই নিয়ে থাকেন। এবারও নিশ্চয় নিবেন।
এছাড়া আমিরের জন্মদিনে একটি মজার স্মৃতি শেয়ার করে ফয়সাল বললেন, আমি জন্মদিনে আমিরকে সব সময়ই শৈশবের কোনো স্মৃতিমাখা জিনিস উপহার দেয়ার চেষ্টা করি। একবার হলো, আমির যখন ‘মঙ্গল পান্ডে’ সিনেমার শুটিংয়ে পাঁচগানিতে ছিলেন তখন তাকে সেখানে চমকে দিতে তার জন্মদিনে আমি তাকে না জানিয়ে সেখানে হাজির হয়েছিলাম।
তাকে একটি ঘুড়ি উপহার দিয়েছিলাম। আমির সব সময়ই ঘুড়ি উড়াতে ভালোবাসে, সেই ছোটবেলা থেকেই। আর এমনাবস্থায় আমরা দুই ভাই যেন শৈশবে ফিরে গিয়েছিলাম। আমির শুটিং বাদ দিয়ে সারাদিন আমার সঙ্গে ঘুড়ি নিয়ে পরে রইলো।







