তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ। শুরুতেই টসে হেরে ব্যাট করতে নেমেছে টাইগার বাহিনী। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত এমন সমীকরণকে সামনে রেখে প্রথম ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ ইমরুল কায়েসের জায়গায় টাইগার একাদশে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে ৭ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ‘টিম টাইগার্স’।
মিরপুরের প্রথম ম্যাচে তামিম ইকবালের উজ্জ্বল ৮০ রানের ইনিংসের ওপর ভর করে আফগানদের সামনে জয়ের জন্য ২৬৬ রানের টার্গেট দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৪৬ রানের মধ্যে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। তবে শেষ দিকে, তাসকিন ঝড়ে ৭ রানের জয় ঘরে তোলে বাংলাদেশ।
আজকের ম্যাচে মাঠে নামার আগে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাত্র একটি উইকেট পেলেই ক্রিকেটর সব সংস্করণে দেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক হবেন এ সুপারস্টার।
অভিষিক্ত হওয়ার ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন মোসাদ্দেক হোসেন। অন্য ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে তার হার না মানা ৪৫ রানের ইনিংসে আফগানদের বিরুদ্ধে ২০৮ রানের স্কোরে লড়াইয়ের পুঁজি পায় টাইগাররা।








