প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিত করার পরই তাদের নিয়ে পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ সায়মা হোসেন।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রতিবন্ধীতা ও দুর্যোগ ঝুকিঁ ব্যবস্থাপনা শীর্ষক তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেছেন, প্রতিবন্ধীদের উন্নয়ন ও সুরক্ষায় বাংলাদেশের ভূমিকা বিশ্বে স্থান করে নিয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের সময় প্রতিবন্ধীদের রক্ষায় বিশেষ নজর দিতে হবে— উল্লেখ করে সায়মা হোসেন বলেন, দুর্যোগের সময় শারীরিক ও মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের উদ্ধারের বিষয়টি আগেই পরিকল্পনা করতে হবে।
সমাজের মূল স্রোত ধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে সকলকে ভূমিকা রাখার ও প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের সাহায্য করার জন্য সকলের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ জরিপে বাংলাদেশে প্রতিবন্ধির সংখ্যা ১৪ লক্ষ ৮৪ হাজার ২শ ৯৫ জন। এদের কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ পঙ্গু, কেউবা বোবা কেউবা মানুষিক প্রতিবন্ধী।
সেমিনারে অটিজম নিয়ে বিশ্বব্যাপী কাজ করছেন এমন শতাধিক দেশি-বিদেশী প্রতিনিধি অংশ নেয়।পরে প্রতিবন্ধী ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।






