চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে ‘দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮’। ৭ম বারের মতো আয়োজিত এবারের মেলার উদ্বোধন হয়েছে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার পরিবেশক হিসেবে আছে জিএম হোল্ডিংস লিমিটেড ও নূর ইকো ব্রিকস। বিকাল ৪টা পর্যন্ত এ মেলা সরাসরি প্রচার করবে চ্যানেল আই।
উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ঢোলের বাদ্য আর নৃত্য-সংগীতের তালে। উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব। আজ সারাদিনের মেলায় আমরা সবাইকে বারবার মনে করিয়ে দেব প্রকৃতি রক্ষার কথা’। প্রকৃতির জন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে মেলা উপভোগ করা আমন্ত্রণ জানিয়েছেন তিনি সবাইকে।

ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু তাঁর বক্তব্যে সকলকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুন্দর জীবন’- এই শ্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। একাত্তরে সবাই এক সাথে ঝাঁপিয়ে পড়েছিল বলেই বিজয় সম্ভব হয়েছিল, একই ভাবে প্রকৃতি রক্ষায়ও আমাদেরকে সম্মিলিত ভাবে পদেক্ষেপ গ্রহণ করতে হবে’।

চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এর মতে, ‘পারমাণবিক বোমার চেয়েও উদ্বেগের বিষয় এখন পরিবেশ সংরক্ষণ। প্রকৃতির বন্ধু হয়ে প্রকৃতিকে ভালোবেসে সবাইকে এগিয়ে আসতে হবে’।
এই মেলার প্রধান পৃষ্ঠপোষক দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, ‘চ্যানেল আই এর আয়োজনে ৭ম বারের প্রকৃতি মেলার আয়োজনে সাথে থাকতে পেরে আমরা গর্বিত। শুধু সরকার নয়, সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রকৃতি সংরক্ষণে কাজ করা আমাদের সকলের দায়িত্ব’।

নূর ইকো ব্রিকস এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সিরাজ জুয়েল বলেন, ‘মানুষ এখন পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য ব্যবহারে আগ্রহী হচ্ছেন। চ্যানেল আইকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য’।
মুকিত মজুমদার বাবুর স্ত্রী, বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী জানান, ‘পরিবারের চেয়েও মুকিত মজুমদার বাবু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে বেশি সময় দেন। তাঁর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই ফাউন্ডেশনের জন্য সবরকমের শুভকামনা থাকল’।
এছাড়া মেলার উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, ড. এনামুল হক, ইকবাল মাহমুদ চৌধুরী, মিনারা জামান, আজাদ রহমান প্রমুখ।
দেশের প্রকৃতি ও পরিবেশকে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরতে গত সাত বছরে দুর্গম পাহাড় থেকে গভীর অরণ্য আর সাগরতলে ছুটে গেছে প্রকৃতি ও জীবন দল।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে চ্যানেল আইয়ে সাপ্তাহিক অনুষ্ঠানের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ নিয়ে গবেষণা, প্রকাশনা এবং প্রান্তিক পর্যায় থেকে দেশ বিদেশে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে নানাভাবে কাজ চলছে।
মেলায় আছে পরিবেশ ও প্রকৃতি বিষয়ে ব্যতিক্রমী সুর ও সংগীত। আছে অভিনব-ক্যারেক্টার শো, ছবি প্রদর্শনী ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও আছে সামুদ্রিক মাছের স্টল, জীবন্ত প্রজাপতি ঘর এবং পাখি নিয়ে তথ্য-উপাত্ত।
ছবি: সাকিব উল ইসলাম









