অবশেষে প্রকাশ্যে এলো নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল। দীর্ঘ সময় ধরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে থাকা ওই নথি শুক্রবার প্রকাশ করা হয়।
মানিকতলায় কলকাতা পুলিশ মিউজিয়ামে গোপন সেসব নথি সংক্রান্ত ডিভিডি প্রকাশ করেন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ নেতাজির পরিবারের হাতে সেই ডিভিডি তুলে দেওয়া হয়।
সংবাদমাধ্যমকেও দেওয়া হয় ডিভিডির কপি। আগামী সোমবার থেকে আমজনতা সেগুলি দেখতে পাবে। ডিভিডি প্রকাশ অনুষ্ঠানে ভারতের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসুসহ নেতাজি পরিবারের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, প্রকাশিত নথিটিতে মোট দশ বছরের তথ্য আছে। সুরজিত করপুরকায়স্থ বলেন, ‘১৯৩৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত নেতাজি সংক্রান্ত তথ্য রয়েছে এই ফাইলগুলিতে। মোট ১২ হাজার সাতশো চুয়াল্লিশটি পাতা রয়েছে ফাইলে। নথিগুলিকে নির্দিষ্ট ক্রমে বিন্যস্ত করা হয়েছে। ডিজিটাল রূপ দেওয়া হয়েছে সেগুলোকে।’
কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ এবং রাজ্য গোয়েন্দা পুলিশের (আইবি) হেফাজতে ছিলো এসব নথি।







