আসন্ন ঈদে মহাসড়কে যানজট এড়াতে পোশাক কারখানার শ্রমিকদের ২২-২৫ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ছুটি দেয়ার জন্য গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন: ঈদুল ফিতরের সময় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ডিপ্লোমেটিক এরিয়াতে দেওয়া হবে বিশেষ নিরাপত্তা।
তিনি আরও বলেন: হাইওয়েতে যানজট নিরসনে সচেষ্ট থাকবে পুলিশ। বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, র্যাবের ডিজি বেনজীর আহমেদ , ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, হাইওয়ে পুলিশের ডিআইজি মো: আতিকুল ইসলাম ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ।










