স্লিপে দাঁড়ানো চাতকের চোখ। রানআপে লম্বাদেহী পেসার। নতুন বলে দুই পেসারের গতির পসরা। প্রথম দশ ওভারে মুমিনুল-ইমরুল সেটি সামলে নিয়েছেন। আক্ষেপ শুধু সৌম্য সরকারের আউটটা।
বাংলাদেশ: ৫৩/১
সৌম্য এদিন প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন। কেমার রোচের অফস্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন। বেরিয়ে যাওয়া বল ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে চলে যায়। এক বছর পর সাদা পোশাকে খেলতে নেমে শূন্য রানে আউট হতে হয় এই ওপেনারকে।
সৌম্য ফেরার পর মুমিনুল হক এখন পর্যন্ত সাবলীল। ইমরুল একবার জীবন পেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ দুই পেসার নিয়ে নামলেও বাংলাদেশ খেলাচ্ছে এক পেসার। সঙ্গে চার স্পিনার।
সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
এক সিরিজ পর টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন সাকিব। তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তা কেটে গেছে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেন সবশেষ সিরিজ। একই প্রতিপক্ষের সঙ্গে এবার ঘরের মাঠে ফেরা তার।
জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকলেও খেলা হয়নি নাঈমের। বছরের শেষ দিকে জাতীয় লিগের শেষ রাউন্ডে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে আবার টেস্ট দলে ডাক পান চট্টগ্রামের ছেলে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই উইকেট নিয়ে দেন আস্থার প্রতিদান। এরপর ঘরের মাঠেই অভিষেক। নাঈম বাংলাদেশের ৯৩তম ক্রিকেটার যার মাথায় উঠল টেস্ট ক্যাপ।







