প্রথম টেস্টে স্পিনারদের আধিপত্য থাকলেও, দ্বিতীয় টেস্টে পেস আক্রমণে গুরুত্ব কম দিতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। দলটির অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট জানালেন, পেস-স্পিন দুই বিভাগে ভারসাম্য রেখে পরিকল্পনা সাজাতে চায় তার দল।
‘অবশ্যই ভারসাম্য থাকবে। প্রথম টেস্টে স্পিনই বেশি ক্ষতি করেছে। তার মানে কিন্তু এই না যে পেসাররা উইকেট নিতে পারে না,’ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলছিলেন ব্র্যাথওয়েট।
৩০ নভেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে বাংলাদেশ ৬৪ রানে জয় পায়। স্বাগতিকরা পেসারদের মধ্যে শুধুমাত্র মোস্তাফিজকে একাদশে রাখে। দুই ইনিংসে তিনি সর্বসাকুল্যে ৪ ওভার হাত ঘোরান। কোনো উইকেট পাননি। ২০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দুই পেসার নিয়ে মাঠে নামে।
চট্টগ্রামে এমন অভিজ্ঞতার পর দ্বিতীয় টেস্টে শুধু স্পিন নিয়ে ভাবছেন না দলটির অধিনায়ক ব্র্যাথওয়েট, ‘আমরা একবার আমাদের পরিকল্পনা মতো বল করতে পারলে উইকেট নিতে পারবো। ভালো কিছু করতে আমি স্পিন এবং পেস দুই বিভাগকেই সমর্থন করছি।’
সমতায় ফেরার লড়াইয়ে নামার আগে কিছু জায়গায় উন্নতি করার কথাও বললেন অতিথি অধিনায়ক।
‘প্রথম ম্যাচের প্রথম ইনিংসে আমরা ৪০-৫০ রান বেশি দিয়েছিলাম। চারটি ক্যাচও ছেড়েছি। এইসব জায়গায় উন্নতি করতে হবে। একই সঙ্গে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে ভালো শুরু করতে হবে। প্রথম ইনিংসে বড় সংগ্রহটাও গুরুত্বপূর্ণ। এগুলো করতে পারলে সমতায় ফেরার সঠিক পথে চলে যাবো।’
১-০তে পিছিয়ে থাকলেও কোনো চাপ নেই বলে দাবি করলেন ব্র্যাথওয়েট, ‘আমরা কোনো চাপে নেই। আমরা জানি আমাদের কী করতে হবে। পাঁচ টপঅর্ডারকে ভালো জুটি গড়তে হবে। সেটাই আমাদের সমতায় ফিরতে সাহায্য করবে।’









