শেষ ছয় মিনিটের প্রতিটি মুহূর্ত যেন পাহাড়সম। টানটান উত্তেজনা। অবশেষে বাজলো অন্তিম বাঁশি। যার সুরে দেপোর্তিভো আলাভেস গাইলো ইতিহাসের নতুন অধ্যায়ের গান। এই ইতিহাস ৯৬ বছরের অপেক্ষা ঘোচানোর। বুধবার রাতে কোপা ডেল রের ম্যাচে সেল্টা ভিগোকে ঘরের মাঠে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মত প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে আলাভেস।
সেল্টার বিপক্ষে দ্বিতীয় লেগে জয়টি এসেছে ১-০ গোলের। প্রথম লেগে সেল্টার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল আলাভেস। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় ফাইনালে বার্সার সঙ্গী এখন তারাই। এই জয়ে ২০০১-এ উয়েফা কাপের পর আরেকটি ফাইনালের টিকিট পেল মৌরিসিও পেল্লেগ্রিনোর শিষ্যরা। এই ফাইনালকে নিজের জন্য শিষ্যদের উপহার মনে করছেন আলাভেসের আর্জেন্টাইন কোচ।
‘তারা আমাকে যা দিয়েছে তার জন্য আমি আনন্দিত। ফাইনালটা খেলোয়াড়দের পক্ষ থেকে আমার জন্য উপহার।’ পেল্লেগ্রিনোর সরল স্বীকারোক্তি।
চলতি মৌসুমে দেখা মিলছে অন্য এক আলাভেসের। স্প্যানিশ লিগের প্রথম পর্বের দেখায় বার্সেলোনাকে হারিয়ে চমকে দিয়েছিল দলটি। পরে বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখেই লড়ছে। যা ভীষণ তৃপ্তি দিচ্ছে পেল্লেগ্রিনোকে, ‘তারা দলের বাইরে আরেকটা দল হয়ে যেভাবে খেলছে এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা লিগের পরের ম্যাচগুলো ফাইনালকে লক্ষ্যে রেখেই খেলবো, যাতে এসময়ে আমরা সত্যিকারের একটা দলে পরিণত হতে পারি।’
আগামী ২৭ মে’র ফাইনালে আলাভেসের প্রতিপক্ষ মেসি-নেইমারদের বার্সেলোনা। যার একটি মহড়া হয়ে যাবে ১১ ফেব্রুয়ারি। স্প্যানিশ লিগে। যেখানে লিগের দ্বিতিয় লেগের ম্যাচে আলাভেসকে আতিথ্য দেবে বার্সেলোনা। ২-১ গোলে হেরে আসার প্রতিশোধের পিঠে ফাইনালের পোশাকি মহড়াটাও নিশ্চয় সেরে নিতে চাইবে লুইস এনরিকের শিষ্যরা।







