পেনাল্টি তাকে সারারাত কাঁদিয়েছে। পেনাল্টি তাকে ট্রলের স্বীকার বানিয়েছে। লিওনেল মেসি অনুভব করেন, পেনাল্টিতে আসলেই তার দুর্বলতা আছে। এ বিষয়ে তার আরও কাজ করা দরকার।
৩১ বছর বয়সী মেসি শেষ মৌসুমে ক্লাব এবং দেশের হয়ে আটটি পেনাল্টি নিয়েছেন। তার মধ্যে চারটিই মিস করেছেন। এর মধ্যে বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ছিল একটি।
ক্যারিয়ার জুড়ে মেসি ২৪টি পেনাল্টি মিস করেছেন। এর মধ্যে ২০১৬ সালের কোপা আমেরিকার টাইব্রেকারে শট মিস করে শিরোপা হাতছাড়া করেন। ওইদিন অবসর ঘোষণা দেয়ার পর হোটেলের স্টোররুমে বসে সারারাত কান্নাকাটি করেন।
‘পেনাল্টি শটে আমাকে আরও ফলপ্রসূ হতে হবে,’ কাতালোনিয়া রেডিওর সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘কিন্তু পেনাল্টি নিয়ে কাজ করা কঠিন। ম্যাচের মতো অনুশীলনে একইভাবে এটা হয় না। আপনার মাথায় একটা পরিকল্পনা থাকতে পারে, কিন্তু সেটা যতটা মনে হয় তার চেয়ে কঠিন।’
‘গোলরক্ষকদেরও অনেক কিছু করতে হয়। যদি তাদের অনুমান ঠিক হয়, তখন তারা ঠেকাতে পারে। কিন্তু এটা পরিষ্কার পেনাল্টি নেয়ার ক্ষেত্রে আমার আরও ভালো করতে হবে।’
১২ গজের শটে মেসি শেষ কয়েক বছরে ভুগলেও তার সামগ্রিক খেলায় অনেক উন্নতি হয়েছে। এখন আগের মতো অতটা সামনে খেলেন না। একটু নিচের দিকে নেমে লা লিগায় গত মৌসুমে ১২ গোলে অবদান রাখেন। যা মৌসুমের কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ। ফ্রি-কিকেও দারুণ উন্নতি করেছেন। ২০১৮ সালে লিগে সরাসরি কিকে তার গোল সাতটি। এক্ষেত্রেও তিনি সবার চেয়ে এগিয়ে।
মেসি ক্যারিয়ারের শুরুতে কখনো উইঙ্গার, কখনো ‘ফলস নাইন’ হিসেবে খেলতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পজিশন থেকে সরে এসেছেন। নতুন পজিশনে যেভাবে খেলছেন, তাতে তিনি খুশি।
‘যখন অভিষেক হয়, বয়স ছিল ১৭। তখন অন্য পজিশনে অন্যভাবে খেলতাম। কিন্তু ফুটবল এখন পাল্টে গেছে। আমার খেলায়ও পরিবর্তন এসেছে। আমি এটা উপভোগ করছি।’







