প্যারিস চুক্তি থেকে নাম প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পৃথিবীকে উত্তপ্ত গ্রহে পরিণত করবে বলে সতর্ক করেছেন স্টিফেন হকিং। ট্রাম্পের এই সিদ্ধান্ত ‘পৃথিবীকে ধ্বংসের কিনারায় ঠেলে দিবে’ বলে তিনি জানিয়েছেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিবিসির সঙ্গে আলাপকালে স্টিফেন হকিং এসব কথা বলেন। এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশগত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, আমরা অপরিবর্তনীয় বৈশ্বিক উষ্ণতার প্রান্তিক অবস্থায় রয়েছি। ট্রাম্পের সিদ্ধান্ত এই অবস্থাকে আরও কিনারে ঠেলে দিবে, পৃথিবী হবে ২৫০ ডিগ্রী তাপমাত্রা বিরাজকরা ভেনাসের মতো, যেখানে সালফিউরিক এসিড বৃষ্টিও হবে।
জলবায়ু পরিবর্তনকে তিনি পৃথিবীতে বিদ্যমান ‘সবচেয়ে বড় বিপদ’ বলে তিনি উল্লেখ করেন। এ থেকে পরিত্রাণের জন্য তিনি পদক্ষেপ গ্রহণের কথাও বলেন।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন। এই ঘোষণার কারণে তিনি ব্যাপকভাবে সমালোচিতও হন।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট








