রায় ঘোষণার ১১ দিনের মাথায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে সোমবার। রায় প্রকাশের পরপরই এর সত্যায়িত অনুলিপি পেয়েছেন দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।
১১শ’ ৭৪ পৃষ্ঠার রায়ের অনুলিপি গ্রহণ করেছে অ্যাড. সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। বিকেলে এই অনুলিপি গ্রহণ করেন তারা।
গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাছাড়াও আত্মসাত করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।









