একাত্তরে মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে।
এখন তা ট্রাইব্যুনাল চেয়ারম্যান ও অন্য দুই সদস্য দেখার পর প্রয়োজনীয় আদেশ দিয়ে কেন্দ্রীয় কারাগারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
এর অাগে নিজামীর রিভিউ খারিজ করে দেওয়া আদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। তাতে রায় দেওয়া বিচারকদের স্বাক্ষরের পর কপি পাঠানো হয় ট্রাইব্যুনালে।
২২ পৃষ্ঠার ওই রায়ে বলা হয়েছে, নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের জন্য আসামির একমাত্র সাজা মৃত্যুদণ্ড। এই পরিস্থিতিতে সাজা কমানোর সুযোগ নেই।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সংবাদ সম্মেলনে বলেন, রায় প্রকাশের মাধ্যমে নিজামীর বিচারের আইনী প্রক্রিয়া সম্পন্ন হলো।
গতকাল রোববার রাত ১২টার কিছু আগে পুলিশি পাহারায় একটি এ্যাম্বুলেন্সে করে নিজামীকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের জন্য কারা অভ্যন্তরে নির্ধারিত কনডেম সেলেই রাখা হয়েছে তাকে।
এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর আসামির দণ্ড কার্যকরের দিন তারিখ ঠিক হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।








