যারা ভোটাধিকারে বাধা দিচ্ছে তারা স্বাধীনতার শত্রু ও ইয়াহিয়া খানের অনুসারী বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। কর্তব্যরত পুলিশ বাহিনী ও সেনাবাহিনীর সদস্যের দায়িত্ব পালন সংক্রান্ত নানা উপদেশ দেন তিনি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি৷ আজকে আমরা সংবিধানের জন্য দাঁড়িয়েছি৷ বঙ্গবন্ধুর স্বাক্ষর, সৈয়দ নজরুল ইসলামের স্বাক্ষরিত সেই সংবিধান।
‘বঙ্গবন্ধু বলেছিলেন, শহীদের স্বপ্নের কথা লিখো৷ কিন্তু আজকে মানুষ ভোট দিতে স্বপ্ন দেখতে পারে? আজকে আমাদের যারা ভোট দিতে বাধা দিচ্ছে, তারা স্বাধীনতার শত্রু, এরা ইয়াহিয়া খানের অনুসারী। এই লজ্জার কারণ কারা?’
কামাল হোসেন বলেন, অনির্বাচিতরা এখন দেশ শাসন করছে। এটা মেনে নিতে পারি না। আজকে আমরা ঐক্যবদ্ধ আছি৷ এই ঐক্যকে কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, স্বাধীন দেশের অধিকার থাকে, আর দায়িত্বও থাকে। কেউ যখন আক্রমণ করতে আসে তা রক্ষা করতে হবে। তার জন্য ঐক্য প্রয়োজন৷ আমাদের ঐক্য আছে। আমাদের ঐক্য করার পর অনেকে বলে, দেশ বিভক্ত। আমি বলি, তোমাদের মাথা বিভক্ত৷
পুলিশকে উদ্দেশ্য করে ড. কামাল বলেন, পুলিশ বাহিনীকে কেউ বেআইনি আদেশ মানতে বাধ্য করলে মানবেন না। আইজি, এডিশনাল আইজিকে বলছি, বেআইনি আদেশ দিলে মানবেন না। এটা অপরাধ৷ যারা আদেশ দেয় তারা সবচেয়ে বড় অপরাধী। উপর থেকে যে আদেশ আসে তা বেআইনি। তারা বেআইনি। মাববেন না।
সেনাবাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, সামরিক বাহিনী ভাইদের বলবো, আপনারা এটা মোটেও করবেন না এটা আমরা ধরে নিব। আপনারা বীর শহীদদের উত্তরসুরি।ভোটাধিকার রক্ষা করা ছাড়া আপনাদের আর কোনো দায়িত্ব নাই। এর বাইরে যারা আদেশ দেন তাদের কথা শুনাও অপরাধ।









