স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝে মধ্যে ধাক্কা লেগে যায় এবং এটি স্বাভাবিক।
মৌলভীবাজারের শমসেরনগরে শাহ্ পাহলভি তোরণের ফলক উম্মোচন শেষে ঢাকায় সাম্প্রতিক সাংবাদিক নির্যাতন বিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট ডিএমপিতে চালু করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সারাদেশে পৃথকভাবে কাউন্টার টেরিজম ইউনিট গঠন করার প্রক্রিয়া চলছে।
পরে শমসেরনগর শিংরাউলী মাঠে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
বৃহস্পতিবার রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে শাহবাগ থানার ভেতরে মারধর করার ঘটনা ঘটে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত শাহাবাগ থানার এএসআই এরশাদ মন্ডল ছাড়াও পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের কন্সটেবল মোখলেসুর রহমান, কন্সটেবল হোসেন কবীর ও কন্সটেবল সবুজ খানসহ ১২ জনকে দায়ী করা হয়েছে।








