রাজধানীর গুলশান-২ এ গণজাগরণ মঞ্চের পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচীতে বাধা দিয়েছে পুলিশ। সে সময় গণজাগরণ মঞ্চের দুই কর্মীকে আটক করে পুলিশ। পরে কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থান নেয় গনজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।
পুলিশি বাধা ও আটকের প্রতিবাদে আগামী শুক্রবার শাহবাগে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সেসময় তিনি পুলিশি বাধার জন্য সরকারের সমালোচনা করেন এবং পাকিস্তান হাইকমিশন বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানান।
পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং কূটনৈতিক এলাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাকিস্তান দূতাবাস ঘিরে ব্যারিকেড দিয়ে সকাল থেকেই অবস্থান নেয় পুলিশ।
১৯৭১-এর গণহত্যার দায় অস্বীকার, জঙ্গী মদদ, বাংলাদেশী কূটনীতিককে কোন কারণ ছাড়াই বহিষ্কারের ধৃষ্টতার প্রতিবাদে বিকেল ৩টার পরে গুলশান-২ গোলচত্বর থেকে পাকিস্তানের দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু করেছিলো গণজাগরণ মঞ্চ।






