পুরনো আইফোনের কর্মক্ষমতা কমিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রে আটটি ও ইসরায়েলে একটি মামলা হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে। ব্যবহারকারীদের না জানিয়ে এই কর্মের জন্য তোপের মুখে থাকা অ্যাপল বিষয়টি স্বীকার করে দু:খ প্রকাশ করেছে।
দুঃখ প্রকাশের পাশাপাশি গ্রাহকদের আরো কম খরচে আইফোনের ব্যাটারি পরিবর্তন করার সুযোগ দেয়ার আশ্বাস দিয়েছে তারা। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে আগামীবছর থেকে পুরাতন আইফোন ব্যবহারকারীরা তাদের ব্যাটারির ক্ষমতা দেখতে পারবে। ওই সফটওয়্যার ২০১৮ সালের শুরুতে উন্মুক্ত করবে অ্যাপল।
এছাড়া ওয়ারেন্টি শেষ হয়েছে এমন আইফোনের ব্যাটারি পরিবর্তন করতে ৭৯ ডলারের পরিবর্তে এখন ২৯ ডলার নেয়া হবে। আইফোন ৬ বা এর পরবর্তী সংস্করণগুলোর জন্য যা প্রযোজ্য হবে। গ্রাহকদের সবচেয়ে ভালো কর্মক্ষমতাসম্পন্ন আইফোন দিতে তারা ব্যাটারি নিয়ে বিশেষ কাজ করে যাচ্ছে বলেও ঘোষণায় জানিয়েছে তারা।
নতুন আইফোন আসার সঙ্গে সঙ্গে পুরাতন আইফোন তার কার্যক্ষমতা হারায় এই অভিযোগ দীর্ঘদিনের। অনেকের ধারণা, আইফোনের নতুন সংস্করণের বিক্রি বাড়াতে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই পুরনো ডিভাইসগুলোর কর্মক্ষমতা ধীরগতির করে দেয়া হয়।







