গানের পাশাপাশি সাহসিকতার জন্য এবারের বিলবোর্ড ‘ওমেন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন পপ গায়িকা সেলেনা গোমেজ। সম্প্রতি পুরস্কারটি হাতে উঠেছে তার। তবে সাহসিকতার এই পুরস্কারটি তিনি উৎসর্গ করছেন তার বন্ধু রাইসাকে।
সেলেনা মনে করেন সত্যিকারের সাহসী নারী তার বন্ধু রাইসা। যে জীবন বাজি রেখে তাকে কিডনি দিয়েছিল। আর তাই এই পুরস্কারটি তারই প্রাপ্য। এ সময় অনুষ্ঠান মঞ্চেই বেশ আবেগঘন হয়ে পড়েন সেলেনা। এক সময় কান্নায় ভেঙে পড়েন এ সাহসী নারী।
বিলবোর্ড পুরস্কারটির উপস্থাপনায় ছিল অভিনেত্রী ফ্রাঙ্কো রায়সা। সেলেনাকে যখন পুরস্কারে ভূষিত করা হল, মঞ্চে এসেই চিৎকার করে গোমেজকে বলতে দেখা গেছে ‘এই পুরস্কার অবশ্যই রাইসাকে দিতে হবে। কারণ সে ‘আমার জীবন রক্ষা করেছে’।

বান্ধবীর প্রতি কৃতজ্ঞতার কথা জানাতে গিয়ে সেলেনা বলেন, ‘আমার সুন্দর মনের বান্ধবী রাইসাকে কিভাবে ধন্যবাদ জানাব, তার ভাষা আমার জানা নেই। সে আমাকে সর্বোচ্চ উপহারটুকু দিয়েছে, আমার জন্য তার কিডনি উৎসর্গ করেছে। আমি অসম্ভব ভাগ্যবতী। তোমাকে খুব ভালোবাসি বোন।’
বেশ কিছুদিন থেকে লুপাস রোগে আক্রান্ত ছিলেন সেলেনা গোমেজ। এরপর ২০১৬ সালে তিনি ‘উদ্বিগ্নতা, বিষণ্ণতা, দুশ্চিন্তা’ হওয়ার কারণে ক্যারিয়ারে সাময়িক বিরতি নিয়েছিলেন। এ বছরই তার কিডনি বিকল হয়ে যায় এবং বন্ধু রাইসা তাকে কিডনি দান করেন। রাইসা নিজেও একজন অভিনেত্রী। তিনি ‘দ্যা সিক্রেট লাইফ অফ দ্যা আমেরিকান টিনেজার’ ছবিতে অভিনয়ের জন্য খ্যাতি কুড়িয়েছেন। সিএনএন








