হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ)-এর ১৭তম আসরে দুটি পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’।
‘জিটুডি পোস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড’ এবং ‘বাউটার বারেনদ্রেহ অ্যাওয়ার্ড’ জিতেছে আবিদ হোসেন খান পরিচালিত সরকারি অনুদানে নির্মাণাধীন ‘অবলম্বন’। ছবিটি প্রযোজনা করছেন রুবাইয়াত হোসেন এবং আদনান ইমতিয়াজ আহমেদ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।
এশিয়ার গুরুত্বপূর্ণ ফিল্ম ফাইন্যান্সিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হাফ। যেখানে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিবেশক, বিনিয়োগকারী এবং ক্রেতাদের সাথে সাক্ষাতের সুযোগ হয়। এ বছর হাফে বাংলাদেশ, চীন, হংকং, তাইওয়ান, ইরান, জাপান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার ১০টি দেশের ৩৫০টি ছবির প্রকল্প থেকে সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় ২৩টি ছবি। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ছবি ‘অবলম্বন’, যার ইংরেজি নাম ‘বিলংগিং’।
‘জাতিগত সংখ্যালঘু’ বিষয়ে নির্মিতব্য ‘অবলম্বন’। বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদেরকে উপজীব্য করে গতবছর অগাস্ট মাসের শেষে ছবিটির কাজ আরম্ভ হয়। ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। ২৬ তারিখেই পরিচালক আবিদ হোসেন খান সেখানে চলে যান এবং গবেষণার পাশাপাশি সীমান্ত পার হয়ে আসা কয়েকটি পরিবারকে অনুসরণ করতে থাকেন। এদেরই একটি পরিবারকে কেন্দ্র করে নির্মিত ‘অবলম্বন’।
হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ)- এর ১৭তম আসরে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন পরিচালক আবিদ হোসেন খান ও প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ।
পুরস্কার ঘোষণার পর আদনান জানান, জিটুডি হলো ব্যাংকক ভিত্তিক একটি প্রতিষ্ঠান যারা আমাদের ছবিটির সাউন্ডের সামগ্রিক কাজ করে দেবে। আর বাউটার বারেনদ্রেহ অ্যাওয়ার্ড এর জন্য পঞ্চাশ হাজার হংকং ডলার নগদ অর্থ প্রদান করা হয় তরুণ নির্মাতাদের ছবিকে।
উল্লেখ্য ২০১৭ সালে এই ফোরামে নির্বাচিত হয়েছিল বাংলাদেশি নির্মাতা ও ‘অবলম্বন’-এর প্রযোজক রুয়াইয়াত হোসেনের পরিচালিত মেড ইন বাংলাদেশ ছবিটি।








