স্পট ফিক্সিংয়ের দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করার অভিযোগে পাকিস্তানি নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছিল পিসিবি। এবার দেশটির ক্রিকেট বোর্ডকে পাল্টা হুমকি দিয়েছেন জামশেদ। কুৎসা বলে উড়িয়ে দিয়ে দাবি করছেন, তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রমাণ জনসম্মুখে উপস্থাপন করতে। আর তা করতে ব্যর্থ হলে পিসিবিকে আদালতে নিতে চান বলে জানিয়েছেন এই মুহূর্তে ক্রিকেটের বাইরে থাকা ২৭ বছর বয়সী বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান।
সম্প্রতি টুইটারে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন জামশেদ। তাতে পিসিবির দুর্নীতি দমন কমিশনকে ধুয়ে দিয়েছেন। অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে সতীর্থ ক্রিকেটারদেরও চাপের মুখে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড, ‘পিসিবি আমার সাথে একের পর এক অবিচার করেই যাচ্ছে। আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ক্রিকেটারদের চাপ দিচ্ছে। কুৎসা না রটিয়ে পারলে আমার বিরুদ্ধে অভিযোগের সমস্ত প্রমাণ সবার সামনে উপস্থাপন করুক। পেশাদারিত্ব বলেও তো কিছু একটা আছে। আমার ব্যক্তিগত জীবন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইনজীবীর সঙ্গে কথা হয়েছে, ঠিক করেছি আদালতেই এর ফয়সালা হবে।’
সম্প্রতি দেশটির ক্রিকেটে দুর্নীতি রোধে বেশ তৎপর দেখা যাচ্ছে পিসিবিকে। বুধবার জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের অনুরোধ পাওয়া সত্ত্বেও সময় মতো কর্তৃপক্ষকে না জানানোয় দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। এর আগে দুর্নীতির অভিযোগে জামশেদ, শারজিল খান, মোহাম্মদ ইরফানসহ মোট ছয়জন ক্রিকেটারকে নিষিদ্ধ করে পিসিবি।








