প্রথম ম্যাচে ছোট্ট একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ক্রিজেই আসার সুযোগ পেলেন না। কাজের কাজটা যে করে ফেলেছেন কেভিন পিটারসেনই। মাহমুদউল্লাহ রিয়াদকে তাই ড্রেসিংরুমে বসেই দলের জয় দেখতে হলো। অবশ্য বল হাতে নিয়েছিলেন। তাতে ভালো কিছু করা হয়ে ওঠেনি টাইগার অলরাউন্ডারের।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান তুলেছিল লাহোর কালান্দার্স। পিটারসেন ঝড়ের কাছে সেটি টিকে থাকল না। এক বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে মাঠ ছেড়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে একশর আগেই ৪ উইকেট হারিয়ে বসেছিল কোয়েটা। প্রয়োজনীয় রানরেট পোঁছে গিয়েছিল ১২-এর ঘরে। তারপরই ঝড় তুলতে শুরু করেন পিটারসেন। সরফরাজ আহমেদকে নিয়ে ৪৫ বলে ১০১ রানের জুটি গড়েন তিনি।
সরফরাজ ৩টি করে চার-ছয়ে ২৫ বলে ৪৫ রানে ফিরে গেলেও ৮৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ চাড়েন পিটারসেন। ৩ চার ৮ ছয়ে ৪২ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন এই ইংলিশ। শেষদিকে ১টি করে চার ছয়ে ৩ বলে ১২ রানে অপরাজিত থাকেন আনোয়ার আলি।
এর আগে জেসন রয় ৫১, ফাখার জামান ৪৭ ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৪৬ রানে দুইশ ছোঁয় লাহোর। মাহমুদউল্লাহ ২ ওভার বল করে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি।








