চাঁপাইনবাবগঞ্জে মাহিয়া মাহবুবা নামে ২ বছরের শিশু কন্যাকে হত্যা করেছে এক পাষণ্ড পিতা। রবিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর মহল্লায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক বাবা মাহবুব হাসান বাবু (২৭) কে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর ও ঘাতক পিতাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাঁচ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোচরি নতুন ব্রিজ গ্রামের হোসেন আলীর মেয়ে ইয়াসমিন বেগমের সাথে বিয়ে হয় আজাইপুর মহল্লার লালচাঁন মোল্লার ছেলে মাহবুব হাসান বাবুর।
১ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হলে মা ইয়াসমিন শিশু কন্যা মাহিয়াকে শ্বশুরবাড়ীতে রেখে চলে যায়। মা যাবার পর থেকে শিশু মাহিয়া দাদী জোহরা বেগমের কাছে ঘুমালেও রবিবার সকালে ফজরের নামাজের ফাঁকে পিতা মাহবুব মেয়ে মাহিয়াকে নিজ শোবার ঘরে নিয়ে যায়। নামাজ পড়ার সময় পাশের ঘরে শব্দ পেয়ে জোহরা বেগম ছেলের ঘরে এসে মাহবুবাকে মৃত অবস্থায় দেখতে পায়।
নৃশংস এই হত্যাকাণ্ডের পরপরই বাড়ি থেকে পালিয়ে যায় মাহবুব। পরে দুপুর ১২টার দিকে আবার বাড়িতে ফিরে আসলে তাকে আটক করে পুলিশ।
তবে পরিবার ও স্থানীয়রা মাহবুবকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে। শিশুটির লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







