ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার পর আয়ারল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছিলেন শারমিন আক্তার সুপ্তা। ফেরেন গত জানুয়ারিতে ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজে। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাইপর্বে হেসেছে তার ব্যাট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। দুটি ফিফটি ছিল। গত মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন চ্যাম্পিয়ন আবাহনীর জার্সিতে। অথচ কেবল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে রান না পাওয়ায় ভারত সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে এই ওপেনারকে!
বাংলাদেশ নারী ক্রিকেট দলের মূল সমস্যা ব্যাটিং। অথচ ভারত সফরে ব্যাটসম্যান কমিয়ে বোলার বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। ১৬ সদস্যের স্কোয়াডে পাঁচ পেসার, ছয় স্পিনার। তাদের মধ্যে অলরাউন্ডারও আছেন। টপঅর্ডার ব্যাটসম্যান লতা মণ্ডল স্লো মিডিয়াম বোলিংটা ভালই পারেন। লেগস্পিনার রুমানা, অফস্পিনার সালমা আবার দলের মিডলঅর্ডারের ভরসা। তবে ব্যাটিংটাই যেখানে চিন্তার কারণ সেখানে পেস-স্পিনে বাড়তি বোলার রাখায় স্কোয়াড হয়েছে প্রশ্নবিদ্ধ।
ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলতে রুমানা আহমেদের দল এখন ব্যাঙ্গালুরুতে। ওয়ানডে সিরিজের আগে ২৬ ও ২৮ নভেম্বর কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার মেয়েদের দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জাহানারা-সালমারা।
এরপর রুমানারা রওনা হবেন বেলগাউমে। সেখানে হবে ওয়ানডে সিরিজ। ডিসেম্বরের ২, ৫ ও ৮ তারিখ হবে ওয়ানডেগুলো। ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ নারী ‘এ’ দল যাবে হুবলি। সেখানে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো ১২, ১৪ ও ১৬ ডিসেম্বর।
কক্সবাজারে নিজেদের মধ্যে তিনটি করে ম্যাচ খেলিয়ে ঘোষণা করা হয় টিম টাইগ্রেসদের স্কোয়াড। সেখানে রান করতে পারেননি সুপ্তা। পরে মূল দল বিকেএসপিতে হেড কোচ ডেভিড ক্যাপেলের অধীনে এক সপ্তাহ ব্যাটিং-বোলিং নিয়ে কাজ করেছে।

খরা কাটিয়ে মেয়েদের ম্যাচ খেলার সংখ্যা যখন বাড়তে শুরু করেছে, তখনও দল থেকে অনেক দূরে অভিভাবক আতহার আলী খান। নারী ক্রিকেট দলের প্রধান ও একমাত্র নির্বাচক, পাশাপাশি দলের ম্যানেজারও তিনি। পেশাদার ধারাভাষ্যকার হওয়ায় সারাবছর দেশ-বিদেশে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে। মাঠে না গিয়েই সারতে হয় দল নির্বাচনের কাজ। ভারত সফরের স্কোয়াড নিয়ে এতে প্রশ্নটা আরও বড় হয়েছে!
রুমানারা যখন ভারতে, দলের ম্যানেজার ও নির্বাচক তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে চট্টগ্রামে। দলের সঙ্গে আতহারের দূরত্ব নিয়ে কথা উঠেছিল রুমানারা যখন সাউথ আফ্রিকার বিপক্ষে কক্সবাজারে সিরিজ খেলছিল তখনই। আতহার তখন বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে ধারাভাষ্য দিতে গেছেন। তখন অবশ্য জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বলেছিলেন, ‘ম্যানেজারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আতহার আলী খান নির্বাচক। সিরিজের সময় তার এখানে থাকা উচিত।’
বাংলাদেশ নারী ক্রিকেট দল
রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, সালমা খাতুন (সহ-অধিনায়ক), খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, নিগার সুলতানা, শারমিন সুলতানা, পান্না ঘোষ, শায়লা শারমিন, নাহিদা আখতার, মুর্শিদা খাতুন হ্যাপি, সুরাইয়া আজমীম, শামীমা সুলতানা, লিলি রানী বিশ্বাস এবং সানজিদা ইসলাম (টি-টুয়েন্টি সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন।







