পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরে বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পুরো একটি দিন কাটালো বিজ্ঞানের সংস্পর্শে। মঙ্গলবার সেখানে শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
সকালে স্কুল মাঠে শেখ মো. মোবারক হোসেন বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। মেলায় বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ৪০টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। এসব প্রজেক্টের মধ্যে দেশীয় প্রযুক্তির হাইড্রোলিক ব্রিজ, গৃহস্থালির পানির সমস্যা সমাধানে সৌর বিদ্যুৎ চালিত পাম্প, বেশি ভারি জিনিস সহজে উপরে তোলার যন্ত্র, বাড়ির নিরাপত্তা রক্ষার যন্ত্রপাতি নজর কেড়েছে সবার।
দুপুরে সেখানে বিজ্ঞান বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সেখানে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন বিজ্ঞান বক্তা সাফায়েত আজাদ।
বিকেলে বিজ্ঞান বিষয়ক সেমিনারে বিজ্ঞানবক্তা আসিফ মহাজাগতিক বর্ষপঞ্জি নিয়ে প্রাঞ্জল বক্তব্য রাখেন।
ডিসকাশন প্রজেক্টের এ সহউদ্যোক্তা বলেন, মানুষ একটা মহাজাগতিক পথিক। তিনি পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন।

সন্ধ্যায় স্কুলের নিজস্ব টেলিস্কোপের সাহায্যে শিক্ষার্থীদের মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।
দিনব্যাপি আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) মোহাম্মদ আব্দুল করিম, অধ্যাপক আকতার জামান, প্রকৌশলী আনোয়ারুল আজিম খান, অধ্যক্ষ আলাউল হোসেন, জাফরুন্নহার শেলী, ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।








