একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনায় ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় ৮ হাজারের বেশি আনসার সদস্য বাছাই করা হয়েছে। নিয়োজিতদের ভোটকেন্দ্রের আইন শৃংখলা ও নিরাপত্তায় সুষ্ঠুভাবে দায়িত্ব পালর্নে নির্দেশ দেয়া হয়েছে।
পাবনা জেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই নির্দেশ দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও পাবনার জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন।
আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম।
এসময় জেলা নির্বাচন অফিসার মো: নওয়াবুল ইসলামসহ আইন শৃংখলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য বাছাইকৃত প্রায় দেড় হাজার আনসার কমান্ডার, সহকারি কমান্ডার ও দলপতি অংশ নেন।
সভায় জানানো হয়, পাবনার ৫টি নির্বাচনী এলাকায় ৬৬৭ ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৮ হাজার ৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে পিসি ও এপিসি ১ হাজার ৩৩৪জন, মহিলা আনসার ২ হাজার ৬৬৮ জন এবং বাঁকিরা সাধারন সদস্য।
ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পিসি-এপিসিরা অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন।








