পাবনার আমিনপুর থানার বাণিজ্যকেন্দ্র কাশিনাথপুর এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের চাপায় সিএনজি অটোরকিশার চালকসহ ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১ শিশু। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে বালু ভর্তি একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১০৮৮২) কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭ টার দিকে বালুভর্তি ট্রাকটি পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর ফুলবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়।
বেড়া হাসপাতালে নেয়ার পর আরো এক যাত্রী এবং পাবনা জেনারেল হাসাপাতালে নেয়ার পর চালক মারা যায়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। আহত শিশুটিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ৩ জন হলেন সুজানগর উপজেলার দুলাই বিষ্ণুপুর গ্রামের সাধন দাস(৬০), চালক সুজানগরের কাদোয়া গ্রামের আবুল কালাম(৩০) এবং বগুড়ার শিবগঞ্জের হাসনা বেগম(৪০)।







