শিক্ষার প্রতিটি স্তরে প্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে সচেতনতা ছড়িয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
৬ষ্ঠ জাতীয় প্রকৃতি উৎসবের সমাপনী দিনে তিনি বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে এসব বিষয় অন্তর্ভূক্ত হচ্ছে।
পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখা সম্ভব, এই শিক্ষা এখন ছড়িয়ে পড়ছে মাধ্যমিক স্তরে। নটরডেম কলেজে জাতীয় প্রকৃতি উৎসবে তুলে ধরা বিভিন্ন উদ্ভাবনীতে নতুন প্রজম্মের আগ্রহকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী ।
শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতির যে পরিবর্তন হয়ে যাচ্ছে তার ফলে যে আমরা ক্ষতির সম্মুখিন হচ্ছি এই বিষয়টি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পাঠ্যপুস্তকে একটি আবশ্যিক বিষয়। জলবায়ু, আবহাওয়া সম্পর্কে এবং তার প্রতিক্রিয়া, তার ভালো-মন্দ সবকিছু সম্পর্কে সচেতন হওয়া দরকার।
বিলুপ্তির পথে চলে যাওয়া জীববৈচিত্র রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানানো হয় এ উৎসবে।
ৎনটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিয়ুস রোজারিও বলেন, শিক্ষার্থীদের ভিতরেই নতুন নতুন চেতনা আসছে। বিশেষ করে মাতৃভূমি, আমাদের পরিবেশ-প্রকৃতির উপর ভালোবাসা সৃষ্টি হচ্ছে।
আইইউসিএন’এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইসতিয়াক উদ্দিন আহমেদ বলেন, জীব বৈচিত্র, আমাদের প্রাণীকূলের সংখ্যা নিম্নমুখী। আমাদের এটিকে উর্ধ্বমুখী করতে হবে।
নটরডেম কলেজের ন্যাচার স্টাডি ক্লাবের আয়োজনে দুদিনের এই উৎসবে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন স্টলের পাশাপাশি চিত্র প্রদর্শনীতেও তুলে ধরা হয় প্রকৃতি সংরক্ষণের আহবান।






