পাকিস্তান যেতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন দাবিই করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ঢাকায় এসেছিলেন পিসিবি চেয়ারম্যান। সোমবার দেশে ফিরে সাংবাদিকদের শাহরিয়ার খান বলেছেন, ‘বাংলাদেশ খুব শিগগির পাকিস্তান সফরে আসতে রাজি হয়েছে। ম্যাচগুলো আমরা করাচি এবং লাহোরে আয়োজন করার পরিকল্পনা করেছি।’
তবে বিসিবির কার সঙ্গে আলোচনা করে এমন দাবি করছেন, তা জানাননি শাহরিয়ার খান।
এর আগেও একবার পাকিস্তান সফরে যাওয়ার গুঞ্জন উঠেছিল। সফর প্রায় নিশ্চতও হয়েছিল। পরে সফর আটকাতে আদালত পর্যন্ত গড়িয়ে ছিল ঘটনা। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দল অবশ্য গত বছর পাকিস্তান সফর করেছিল।
২০০৯ সালের মার্চে লাহোর টেস্ট চলার সময় শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। দীর্ঘ ছয় বছর পর গত বছরের মে মাসে প্রথম দল হিসেবে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে ক্রিকেট দল।







