পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কূটনীতিক মৌসুমী রহমানকে বহিষ্কার করার প্রতিবাদে পাকিস্তানি হাইকমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ। ২০ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় ওই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইমরান বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারকে অনুরোধ করেছি। পাকিস্তানের সাধারণ জনগণের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত পাকিস্তান নামক রাষ্ট্র একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে না।
সরকারের প্রতি ৭২ ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরে বিক্ষোভ সমাবেশ থেকে ওই কর্মসূচির ঘোষিত হয়। সমাবেশে গণজাগরণ মঞ্চের নিয়মিত কর্মীদের সাথে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।





