এশিয়া কাপে পাকিস্তান দলের দুর্বল পারফরম্যান্সের কারণ তদন্ত করতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার এম. খান। এছাড়াও আসন্ন টি-২০ বিশ্বকাপে দল বাছাইয়ের প্রক্রিয়াটিও যাচাই করে দেখবে এই কমিটি।
শীঘ্রই গঠন ও কার্যক্রম শুরু করতে যাওয়া ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পিসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান শাকিল শেখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে থাকবেন পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ, সাবেক ক্রিকেটার ইকবাল কাশিম এবং ইউনুস খান ও মিসবাহ উল হক।
বাছাই প্রক্রিয়া, কোচিং প্রস্তুতি এবং দলীয় পারফরম্যান্স বিবেচনা করবে এই কমিটি। টি-২০ বিশ্বকাপেও দলীয় পারফরম্যান্স পর্যবেক্ষণ করে পরবর্তীতে নির্দেশনা দেবে তারা। দলীয় পারফরম্যান্সের সাথে জড়িত যেকোন সদস্যকেই তলব করার ক্ষমতা থাকবে এই কমিটির।
এশিয়া কাপে পাকিস্তানের তিন ম্যাচে জয় মাত্র একটি। তাও দুর্বল আরব আমিরাতের বিপক্ষে। বাংলাদেশ এবং ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয় আফ্রিদিরা। ইতিমধ্যে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কা আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হবে আজ (শুক্রবার)।







