পাকিস্তানের করাচিতে হাবিব ব্যাংকের একটি শাখায় আকস্মিক বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকেই আহত হয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছেন তারা। পয়ঃনিষ্কাশনের নালায় গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, বিস্ফোরণের পর অনেকেই ধ্বংসস্তুপে চাপা পড়ে গেছে, যার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে দরজা, জানালা উড়ে গেছে, বাইরে থাকা যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাংকের নথিপত্র রাস্তায় ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহতদের করাচি সিভিল হাসপাতাল, ট্রমা সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে হাবিব ব্যাংক এক টুইট বার্তায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেছে।










