তিনজন বাংলাদেশীসহ কাতারের আমিরের অগ্রবর্তী দলের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী লেভিস। একটি চেক পয়েন্টে সামরিক বাহিনীর আদেশ অমান্য করায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।
আন্তর্জাতিকভাবে সংরক্ষিত অতিথি পাখি ‘হোবারা বাস্টার্ড’ শিকারের জন্য আগামী কয়েক দিনের মধ্যেই কাতারের আমিরের পাকিস্তান সফরের কথা রয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের নোশিকি জেলার গালানোর এলাকায় আধা সামরিক বাহিনীর নির্দেশকে না মেনে তল্লাসি চৌকির নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে চলে যাওয়ার চেষ্টা করলে গাড়ি দিয়ে তাড়া করে তাদের আটক করা হয়।
সরকারী সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের আমিরের পাখি শিকারের ব্যবস্থা করার জন্য গতকাল(বুধবার) অগ্রবর্তী দলের সদস্যরা চারটি গাড়িতে করে মাশকিলে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। তল্লাসি চৌকিতে তাদের থামানোর নির্দেশ দেয়া হলে তা গ্রাহ্য না করে নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে চলে যাওয়ার চেষ্টা করে তারা।
এতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশী এবং বাকি ১৩ জন পাকিস্তানি বলে জানানো হয়েছে। 
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, আটক গাড়িগুলোকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।








