পাকিস্তানের বেলুচিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে দেশটির তালেবান নেতা হায়বাতুল্লাহ আকুনজাদার ভাই আহমাদুল্লাহ আকুনজাদাসহ চারজন নিহত হয়েছে।
তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা না হলেও জঙ্গি সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
এএফপি’র একজন সাংবাদিক ওই ঘটনা নিশ্চিত করে বলেন, তালেবান যোদ্ধাদের মধ্যে হোয়াটস অ্যাপের মাধ্যমে খবরটি প্রচার করা হয়েছে।
আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার মুহূর্তে বিস্ফোরণের ঘটনা ঘটল।
প্রাদেশিক পুলিশ প্রধান মহসিন হাসান ভাট বলেন, শুক্রবার কুচলাক শহরের একটি মসজিদে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
আরেকজন পুলিশ কর্মকর্তা আবদুল রাজ্জাক চিমা বলেন, ওই ঘটনায় নিহতের সংখ্যা চারজন। এছাড়াও ২৩ জন আহত হয়েছে।
বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে হায়বাতুল্লাহর ভাই রয়েছে, এটা নিশ্চিত।







