পাকিস্তান নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সহিংসনতার ভেতর দিয়ে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কিছু কিছু ভোটকেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। এখন সময় অপেক্ষার, কে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে।
তবে পাকিস্তানের সময় সন্ধ্যা সাতটার আগে কোনো ফলাফল প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
পাকিস্তানের দৈনিক ডন জানায়, ভোটারদের সুবিধার্থে প্রধান প্রধান রাজনৈতিক দল ভোট গ্রহণের সময় বাড়ানোর আবেদন করে। তবে নির্বাচন কমিশন এ আবেদন নাকচ করে দেয়।
রেকর্ডসংখ্যক সেনা প্রহরায় বুধবার দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। সেনাবাহিনীর পাশাপাশি অসংখ্য পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে। এর মধ্যেই বেলুচিস্তানের কোয়েটায় একটি নির্বাচন কেন্দ্রের গেটে পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতি হামলা চালানো হয়।







