সারা দুনিয়ার ফুটবলেরই এক চিত্র। পুরুষ ফুটবল দলের কোচের দায়িত্ব পান কোনও পুরুষই। এমনকি নারী দলেরও হেড কোচের পদ দখলে থাকে পুরুষের। এক্ষেত্রে কিছুটা ভিন্নতা যে নেই তাও নয়। আগেও পুরুষ দলের জন্য নারী কোচ নিয়োগ হয়েছে। কিন্তু এবার এমন একটি দেশে সেই ভিন্নতা আসল, যা অনেককেই নাড়া দেবে। পাকিস্তানের মতো দেশে সাউথ এশিয়ার মধ্যে প্রথম কোন পুরুষ দলের নারী কোচ নিয়োগ দেয়া হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের মেয়ে রাহেলা জারমিনকে করাচি ইলেকট্রিক দলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে তিনি পাকিস্তানের জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি সেদেশের লেসার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।
একজন নারী হয়েও পাকিস্তানের উপজাতি অধ্যুষিত বেলুচিস্তানের মতো একটি রাজ্যে খেলাধুলার সঙ্গে যুক্ত রাহেলা। এজন্য অবশ্য তাকে কম বাঁধা অতিক্রম করতে হয়নি। কোয়েটায় নারীদের জন্য কোনও ফুটবল মাঠ না থাকায় একটি গার্লস কলেজের হকি মাঠেই ফুটবল খেলেছেন রাহেলা।
বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা রাহেলার ফুটবল আইডল আবার ডেভিড বেকহ্যাম।
রাহেলার আগে গত জুনেই ঘানার নারী মাভিস আপিয়া একটি পুরুষ দলের দায়িত্ব পান। পশ্চিম আফ্রিকার দেশ ঘানার পেশাদার লিগের দ্বিতীয় বিভাগের দল ডিসি ইউনাইটেডের কোচ হয়েছেন তিনি।
রাহেলা বা মাভিস আপিয়াই পুরুষ ফুটবলে একমাত্র নারী কোচ নন। এ বছরের ফেব্রুয়ারিতে হংকংয়ের ক্লাব টিম ইস্টার্ন লং লায়ন্সের হেড কোচ হিসেবে চাকরি পান চেন ইয়াং তিং।









