বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান বারবার মন্তব্য করায় পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে আবারো কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক পররাষ্ট্র সচিব তার কাছে বারবার পাকিস্তানের এরকম আচরণের বিষয়ে জানতে চান। জবাবে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম বলেন, তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।
মঙ্গলবার রাতে নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানানোর করায় প্রতিবাদ জানাতে হাইকমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধাপরাধীদের দণ্ডের বিষয়ে পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিকপত্র তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার একটি নিন্দা প্রস্তাব পাস করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে। নিজামীর ফাঁসি বিষয়ে গত এক সপ্তাহে দু’দফা বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তান।
পাশপাশি ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হাইকমিশনার তাদের জানান, একাত্তরের ভূমিকার জন্য সুষ্ঠু প্রক্রিয়াতেই নিজামীর বিচার হয়েছে।








