মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে চালানো পাকিস্তানিদের নজিরবিহীন হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে পৃথিবীব্যাপী গণহত্যা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন।
এই স্বীকৃতির জন্য গত ১৫ নভেম্বর আবেদন করেছিলেন তৌহিদ রেজা নূর। তিনি শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে।
নতুন বছর শুরুর প্রহরে ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি ইমেইলে স্বীকৃতির বিবৃতি পাঠানো হয়েছে।
এর মধ্য দিয়ে একাত্তরের পাকিস্তানিদের হত্যাযজ্ঞ যুক্তরাষ্ট্রে গণহত্যার স্বীকৃতি পেল। ফলে বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার পথ আরও সুগম হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে তৌহিদ রেজা নূর বলেছেন: সুবর্ণজয়ন্তীর বছরেই এ স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের জন্য এক বিশাল অর্জন ও প্রাপ্তি।
এর মধ্যে অপরাপর আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোও একাত্তরের গণহত্যাকে একে একে স্বীকৃতি দেবে বলে মনে করেন তিনি।







