প্রত্যাশিত উত্তাপের ছিটেফোঁটাও মিলল না। ভারত-পাকিস্তান লড়াইয়ের চিরায়ত উত্তেজনার পারদহীন এক লড়াই, শেষে দাপটে জিতল গত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারত।
শুক্রবার বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ম্যাচে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের পথ সুগম করেছে ভারত।
ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ভারতকে লিড এনে দেন হারমানপ্রিত সিং।
শুরু থেকেই একের পর এক মিস পাস আর স্টিকে বলের দখল রাখতে ব্যর্থ হয় পাকিস্তান। ফিনিশিং কাজে লাগাতে না পারাটা বড্ড চোখে লেগেছে।
অন্যদিকে নিজেদের সুদিন ফেরাতে থাকা ভারত আধিপত্য বজায় রাখে। দ্বিতীয় কোয়ার্টারেও পাকিস্তান ফিনিশিংয়ের ঘাটতি আর সুযোগ নষ্টের ধারাবাহিকতা বজায় রাখে।
তৃতীয় কোয়ার্টারে খেলা খানিকটা জমে যাওয়ার আভাস মিলেছিল। ১২ মিনিটে আকাশদীপ সিংয়ের ফিল্ড গোলে ভারতের দিকে ঝুলে যায় ম্যাচ। ১৫ মিনিটে ভারতের রক্ষণে ঢুকে জুনায়েদ মাঞ্জুর নিশানাভেদ করলে পাকিস্তান ডেরায় প্রাণ ফেরে।
ফিরে আসার সেই চেষ্টা বেশিদূর আগায়নি। শেষ কোয়ার্টারে ভারতের দাপটে পাকিস্তান সুবিধা করতে পারেনি একদমই। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রিত ফের লক্ষ্যভেদ করলে একপেশে ফলই তোলে ভারত।









