পাঁচ বছরেই পুলিশের সিনিয়র পরিদর্শক বনে গেছেন কুনওয়ার সিং প্যাটেল। এ ঘটনা সমগ্র ভারত জুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।
তবে এর পেছনে রয়েছে হৃদয় বিদারক ঘটনা। বয়স মাত্র পাঁচ, যখন কুনওয়ারের দুষ্টামিতে অস্থির থাকার কথা স্বজনদের। ঠিক তখনই তার অসুস্থতার খবর ভাবিয়ে তুলেছে কাছের মানুষ গুলোকে। ছোট্ট এই ছেলেটিই এখন মরণব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত।
তবে দুরারোগ্য ক্যানসারে ভুগতে থাকা কুনওয়ারের প্রচণ্ড ইচ্ছে পুলিশ অফিসার হওয়ার। আর তার এই ইচ্ছে পূরণে এগিয়ে আসে একটি এনজিও। যারা ক্যানসারে আক্রান্ত শিশুদের ইচ্ছে পূরণে কাজ করে থাকে।
তাদের উদ্যোগকে সফল করতে এগিয়ে আসে মুম্বাই পুলিশ। একদিনের জন্য সিনিয়র পুলিশ পরিদর্শকের চেয়ারে বসার সুযোগ দেয় তারা। নিয়মিত ফাইল সই সহ সব ধরণের কাজ করতে দেওয়া হয় তাকে। সাথে দেওয়া হয় একটি খেলনা পিস্তল। যেটি নিয়ে সে সারাদিন খেলা করে।






