বাংলাদেশ

পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা বিষয়ে দু’টি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১২ টায় তাকে বহনকারী এমিরেটসের একটি নিয়মিত ফ্লাইট জেনেভার কোয়েত্রাঁ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া হয় গ্রান্ড হোটেল কেম্পনিস্কিতে।

এর আগে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে জেনেভার উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীরা।

জেনেভার প্যালেইস দ্যাস নেশন্স-এ ২২ অক্টোবর বিশ্ব বিনিয়োগ ফোরাম-২০১৮ এর শীর্ষ সম্মেলন শুরু হবে। সফরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবং হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের ২০তম সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ফোরামে আন্তর্জাতিকীকরণ ও শিল্পায়নের এই নতুন যুগে আন্তর্জাতিক বিনিয়োগের বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হবে।

ফোরামে অর্ধশতাধিক অনুষ্ঠান থাকছে, যার মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্ব নেতৃবৃন্দের অংশগ্রহণে বিনিয়োগ শীর্ষ সম্মেলন, দ্য গ্লোবাল ইনভেস্টমেন্ট গেম চেঞ্জার্স সামিট, মন্ত্রী পর্যায়ের বৈঠক, সম্মেলন, বেসরকারি খাত বিষয়ক অধিবেশন, উচ্চ পর্যায়ের অংশীজন বৈঠক, নেটওয়ার্কিং ইভেন্ট, পুরস্কার অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট ভিলেজ।

মূল অনুষ্ঠানের ফাঁকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

বিষয়:সেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…