স্পোর্টস

পরীক্ষা-নিরীক্ষার চারদিনের টেস্ট দেড় দিনেই শেষ

পরীক্ষা-নিরীক্ষার চারদিনের টেস্ট দেড় দিনেই শেষ

চারদিনের টেস্ট। অথচ জিম্বাবুয়ে সেই ম্যাচটিকে পুরো দুই দিন টেনে নিতে পারল না। পরীক্ষা-নিরীক্ষার টেস্ট হল মাত্র দেড় দিনে শেষ করল সাউথ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে বক্সিং ডে টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা।

টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০৯ রান তোলে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনের মুখে পড়ে জিম্বাবুয়ে।

২৪১ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সফরকারীরা যখন দ্বিতীয় ইনিংসে অলআউট হয় তখনও দ্বিতীয় দিনের এক সেশনের বেশি খেলা বাকি ছিল।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো দুই দিনে কোনও টেস্টে জয় পেল সাউথ আফ্রিকা। প্রথমবার ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই দুই দিনে জিতেছিল প্রোটিয়ারা। সেই সঙ্গে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে ইনিংস ঘোষণা করে প্রতিপক্ষকে ইনিংস পরাজয়ের লজ্জায় দিল সাউথ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের হয়ে ক্রেইগ আরভিন ২৩, ব্রেন্ডন টেলর ১৬, চামু চিবাবা ১৫, গ্রায়েম ক্রেমার ১৮ এবং হ্যামিল্টন মাসাকাদজা করেন ১৩ রান।

সাউথ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে কেশব মহারাজ ৫টি এবং আন্দিলে ফিলোকুয়েও নেন তিনটি উইকেট। এছাড়া ভারনন ফিল্যান্ডার ও ক্যাসিগো রাবাদা নেন একটি করে উইকেট।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…